
বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজের জন্য গোপালগঞ্জের কয়েকটি এলাকায় মঙ্গলবার (৪ আগস্ট) টানা সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সোমবার (৩ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কর্তৃপক্ষ (ওজোপাডিকো)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঝড়-বৃষ্টির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ বিভ্রাট এড়াতে বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডালপালা ছাঁটাই করা হবে। এ কারণে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত গোপালগঞ্জ পৌরসভা এলাকার ওজোপাডিকোর ১১ কেভি ভার্সিটি ফিডারের আওতাভুক্ত কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায় সেগুলো হলো— সোনাকুর, গোবরা, নীলার মাঠ, ইউনিভার্সিটি ক্যাম্পাস, সার গোডাউন, ঘোনাপাড়া, পোদ্দারের চর, চর সোনাকুর এবং চাপাইল ব্রিজ সংলগ্ন এলাকা।
কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। তবে কাজের অগ্রগতির ওপর নির্ভর করে নির্ধারিত সময়ের আগেও বা পরেও বিদ্যুৎ সংযোগ চালু হতে পারে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের আন্তরিক সহযোগিতা কামনা করেছে বিদ্যুৎ সরবরাহ কর্তৃপক্ষ।
মন্তব্য করুন