রাজধানীর মিরপুরে বিপদে পড়া এক সাংবাদিককে তাৎক্ষণিক সহায়তা দিয়ে সাংবাদিকদের পারস্পরিক ঐক্য ও সংহতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে মিরপুর প্রেসক্লাব।
জানা গেছে, গত রাতে রাজধানীর ৬০ ফিট মোল্লা রোড এলাকায় দেশ টিভির সাংবাদিক আবির একটি চক্রের কবলে পড়েন। সংকটময় পরিস্থিতিতে তিনি মিরপুর প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে দ্রুত সহযোগিতা কামনা করেন।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শিহাব উদ্দিন বিষয়টি অবগত হন। পরে সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম সাইমনের সমন্বয়ে প্রেসক্লাবের সদস্যরা দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেন।
ঘটনাস্থলে উপস্থিত হন মিরপুর প্রেসক্লাবের সভাপতি মো. বদরুল আলমসহ এম. এ. গাফফার, মালেক, মুন্না, সুমন খান, রিয়া মনি, রফিক, শাহাদাত, এস. এম. ইসলাম উকিল, আ. মালেক এবং আরও অনেক সাংবাদিক। পরবর্তীতে আরও সদস্য ঘটনাস্থলে এসে আবিরের পাশে দাঁড়ান।
পরে মিরপুর প্রেসক্লাবের সভাপতি মো. বদরুল আলমের নেতৃত্বে সাংবাদিকরা সংশ্লিষ্ট থানায় গিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সাংবাদিক আবিরকে নিরাপদে তাঁর পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়।
এ ঘটনায় মিরপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, একজন সাংবাদিকের বিপদ মানেই পুরো সাংবাদিক সমাজের জন্য উদ্বেগের বিষয়। তাই যেকোনো সংকটে সহকর্মীর পাশে দাঁড়ানো সাংবাদিকতার দায়িত্ব ও পেশাগত সংহতির গুরুত্বপূর্ণ অংশ।
তারা আরও বলেন, দেশের যেকোনো প্রান্তে কোনো সাংবাদিক বিপদে পড়লে স্থানীয় সাংবাদিকদের দ্রুত এগিয়ে আসা উচিত। সাংবাদিকদের এই পারস্পরিক ঐক্য ও সহযোগিতাই পেশার অন্যতম বড় শক্তি।
মিরপুর প্রেসক্লাবের পক্ষ থেকে জানানো হয়, সহকর্মী সাংবাদিকের পাশে দাঁড়াতে পেরে তারা গর্বিত। উপস্থিত সাংবাদিকরা বলেন, এ ঘটনার মাধ্যমে আবারও প্রমাণ হয়েছে—সংকটের মুহূর্তে একজন সাংবাদিকের সবচেয়ে বড় ভরসা আরেকজন সাংবাদিক।
মন্তব্য করুন