মাগুরার শ্রীপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মসজিদের ভেতরে ঢুকে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন গুরুতর জখমসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। হামলাকারীরা মসজিদের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে এ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১ মে) জুমার নামাজ শেষে শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের চরজোকা গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে মোক্তার শেখ, দুলাল মণ্ডল ও রেজাউল শেখ গুরুতর জখম হয়েছেন। এদের মধ্যে মোক্তার শেখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্য আহতদের মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চরজোকা গ্রামে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম সাচ্চু এবং একই কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান দুলুর সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল।
ঘটনার সূত্রপাত হয় শুক্রবার সকালে লাল্টু শেখ নামে এক কৃষককে মাঠে একা পেয়ে কুপিয়ে জখম করার মধ্য দিয়ে। এ ঘটনার জেরে দুপুর দেড়টার দিকে সাচ্চু গ্রুপের সমর্থকরা চরজোকা পশ্চিমপাড়া বাইতুল মুকাররম জামে মসজিদের সামনে জড়ো হলে দুলু সমর্থিত লোকজন মসজিদের ভেতরে অবস্থান নেন। একপর্যায়ে হামলাকারীরা মসজিদের একটি অংশের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে প্রতিপক্ষের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। তবে মিনহাজুল ইসলাম সাচ্চু মসজিদে ঢুকে হামলার অভিযোগ অস্বীকার করে দাবি করেন, সংঘর্ষের সময় আহত কেউ মসজিদে আশ্রয় নিতে পারে।
অন্যদিকে হাবিবুর রহমান দুলু অভিযোগ করেন, এটি একটি পরিকল্পিত হামলা।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আতাউর রহমান বলেন, সামাজিক বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান। ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করায় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।
মন্তব্য করুন