মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে মহান মে দিবস ও জাতীয় পেশাগত সেফটি দিবস-২০২৬। দিনটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে শ্রমিকদের অধিকার ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।
শুক্রবার জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি সুশৃঙ্খল ও প্রাণবন্ত র্যালি বের হয়। র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং শ্রমজীবী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো পরিবেশ হয়ে ওঠে উৎসবমুখর ও তাৎপর্যপূর্ণ।
র্যালিতে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রুবেল মাহমুদ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর শ্রীমঙ্গল কার্যালয়ের উপমহাপরিদর্শক তপন বিকাশ, জেলা পুলিশ সুপার মোঃ বিল্লাল হোসেন এবং শ্রমিক প্রতিনিধি আজিজুল হক সেলিমসহ অন্যান্যরা।
র্যালি শেষে মৌলভীবাজার শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়।
এ বছরের প্রতিপাদ্য ছিল—শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা। আয়োজিত কর্মসূচির মাধ্যমে শ্রমজীবী মানুষের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং একটি মানবিক ও নিরাপদ কর্মসংস্কৃতি গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।
মন্তব্য করুন