পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে রাজারহাট মহিলা ডিগ্রি কলেজ চত্বরে কুড়িগ্রাম জেলা পরিষদের অর্থায়নে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ।
এ সময় তিনি বলেন, পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের ঘোষিত আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। পর্যায়ক্রমে জেলার সব উপজেলায় এ কর্মসূচি পরিচালনা করা হবে।
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর পরিচর্যা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম, রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম, রাজারহাট মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোকলেছুর পাটোয়ারীসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
মন্তব্য করুন