সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শিক্ষার সার্বিক মানোন্নয়ন, বিদ্যালয়গুলোর বিদ্যমান চ্যালেঞ্জ চিহ্নিতকরণ এবং কার্যকর সমাধান খুঁজে বের করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) দুপুর ২টায় হাজী রঙ্গুম আলী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের হলরুমে কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে “কলকলিয়া ইউনিয়নের শিক্ষার মানোন্নয়ন” শীর্ষক এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল বাশার মো. ইয়াহিয়ার সভাপতিত্বে এবং শাহজাহানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ইউনিয়নের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষিকারা অংশগ্রহণ করেন।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও উদ্যোক্তা বাতির আহমদ, জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা. শেলিনা বেগম, আব্দুল কাদির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মশাহিদ হোসেন, খাশিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সাথী রানী তালুকদার, ওয়ারিদ উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা বাপ্পী দে, আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফেরদৌস আহমদ, জমাত উল্লাহ আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইকবাল হোসেন, বালিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অনুপম সরকার, শ্রীধরপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শহীদুর রহমান উজ্জ্বল এবং শাহ পরান মডেল হাইস্কুলের শিক্ষক জামাল উদ্দিনসহ আরও অনেকে।
বক্তারা শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, পাঠদানে আরও আন্তরিকতা বৃদ্ধি এবং অভিভাবকদের সঙ্গে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
সভায় শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি অধিক মনোযোগী করে তুলতে এবং ঝরে পড়া রোধে বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।
এ সময় কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা আলহাজ্ব রফিক মিয়াসহ ইউনিয়নের প্রায় ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় অংশগ্রহণকারীরা শিক্ষার মানোন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
মন্তব্য করুন