টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সিংগাইর গ্রামে দারুল হুদা আইডিয়াল মাদ্রাসার তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। খবর পেয়ে কালিহাতী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত শামীম (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, সিংগাইর গ্রামে শাহিন হলের সামনে বসবাসকারী মো. ওমর আলীর ছেলে শামীম ওই মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে। ঘটনার সময় শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে বিষয়টি জানাজানি হয় এবং অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
ভুক্তভোগীর পরিবার জানায়, ঘটনার পর থেকে শিশুটি মানসিকভাবে ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে। তারা দ্রুত বিচার ও অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
স্থানীয়রা ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি রোধে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কঠোর অবস্থান নিতে হবে।
এ বিষয়ে কালিহাতী থানার এসআই মফিজুল ইসলাম বলেন, “অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। মামলার প্রস্তুতি চলছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। এলাকাবাসীর প্রত্যাশা, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন হবে এবং দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।
মন্তব্য করুন