পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং দেশব্যাপী সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শনিবার (১৩ জুন) দুপুরে জেলার ঐতিহ্যবাহী হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির শুভ সূচনা করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এএনএম ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন সুলতানা, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. ইয়াছিন আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন এবং সামাজিক বন বিভাগের সহকারী বন সংরক্ষক নায়েমা আক্তারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী বলেন, “জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী পরিবেশগত ঝুঁকি বাড়ছে। এই পরিস্থিতিতে পরিবেশ রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি দেশের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
তিনি আরও বলেন, বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, বরং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, বায়ুদূষণ কমানো এবং অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখে। তাই এই কর্মসূচিকে সফল করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে সামাজিক বন বিভাগের সহকারী বন সংরক্ষক নায়েমা আক্তার কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরে জানান, চলতি বছরে জেলায় প্রায় এক লাখ চারা রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে প্রতিটি ইউনিয়নে ২০০টি করে চারা, পৌর এলাকায় ১ হাজার ৫০০টি চারা এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত ৫০টি করে চারা রোপণ করা হবে। এছাড়া সরকারি রাস্তার পাশ, খাস জমি এবং অন্যান্য উপযুক্ত স্থানে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।
অনুষ্ঠানে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। এর মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ কর্মসূচির মাধ্যমে জেলার পরিবেশগত উন্নয়ন ত্বরান্বিত হবে এবং আগামী প্রজন্মের জন্য একটি আরও সবুজ, সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে।
মন্তব্য করুন