রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কার্যক্রম ত্বরান্বিত করতে নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহ্মিনা আখতার। সোমবার (১৫ জুন) বিকেলে তিনি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক তাহ্মিনা আখতার বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠা দীর্ঘদিনের প্রত্যাশা এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। তিনি জানান, স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্প ইতোমধ্যে অনুমোদন পেয়েছে এবং প্রয়োজনীয় পরিবেশগত ছাড়পত্র গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে প্রকল্পের পরবর্তী কার্যক্রম দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। একটি স্থায়ী ক্যাম্পাস ছাড়া কোনো বিশ্ববিদ্যালয়কে টেকসই, আধুনিক ও শিক্ষাবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
উপাচার্য বলেন, প্রতিষ্ঠার প্রায় নয় বছর অতিক্রম করলেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্থায়ী ক্যাম্পাস এখনো বাস্তবায়িত হয়নি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়নের স্বার্থে দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণ সময়ের দাবি। এ লক্ষ্যে তিনি সরকার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া, ট্রেজারার অধ্যাপক ড. ফিরোজ আহমদ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টরিয়াল বডির সদস্য, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্প বাস্তবায়িত হলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
মন্তব্য করুন