বাগেরহাটের মোরেলগঞ্জে পরিবেশ ও সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণে এক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে ইয়ুথ ফর দ্য সুন্দরবন ফোরামের আয়োজনে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল্লাহ। ইয়ুথ ফর দ্য সুন্দরবন ফোরামের সভাপতি রুমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রূপান্তরের জেলা সমন্বয়কারী খন্দকার জিলানী হোসেন।
কর্মশালায় আরও বক্তব্য রাখেন মোরেলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মশিউর রহমান মাসুম, সাবেক প্রধান শিক্ষক হোসনে আরা বেগম হাসি, উপজেলা তথ্য আপা শারমিন আক্তার, সংগঠনের সদস্য কেয়া আক্তার, খান আব্দুল্লাহ, সাংবাদিক শেফালী আক্তার রাখিসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সহ-সভাপতি মাশরাফি মজিদ আকিব।
আলোচনায় বক্তারা বলেন, প্লাস্টিক ও পলিথিন দূষণ বর্তমানে সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য অন্যতম বড় হুমকিতে পরিণত হয়েছে। এই দূষণের কারণে নদী-খাল, জলাশয় ও বনাঞ্চলের স্বাভাবিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই পরিবেশ রক্ষায় প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমানোর পাশাপাশি বিকল্প পরিবেশবান্ধব উপকরণ ব্যবহারে সবাইকে সচেতন হতে হবে।
বক্তারা আরও বলেন, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও অপসারণে সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি। এ লক্ষ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন পর্যায়ে বর্জ্য ব্যবস্থাপনার জন্য পৃথক বাজেট বরাদ্দ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মশালায় অংশগ্রহণকারীরা পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি, প্লাস্টিকের বিকল্প ব্যবহারের প্রসার এবং সুন্দরবনকেন্দ্রিক অঞ্চলে দূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, সাংবাদিক, যুব সংগঠনের সদস্য এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন