নাটোরের নলডাঙ্গা উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, জলাশয়ে অবৈধ মৎস্য নিধন এবং মহাসড়কের অবৈধ দখল উচ্ছেদসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে নলডাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল এমরান খাঁনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা উপজেলার বিভিন্ন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতামত তুলে ধরেন এবং জনদুর্ভোগ কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে মাদকবিরোধী অভিযান জোরদার করা, নদী-নালা ও খাল-বিলে অবৈধভাবে মাছ নিধন রোধ এবং মহাসড়কের অবৈধ দখল উচ্ছেদের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বৃদ্ধির আহ্বান জানানো হয়।
সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রকিবুল হাসান সুজন, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ আলী, নলডাঙ্গা থানার ওসি (তদন্ত) ইব্রাহিম খলিল, উপজেলা বিএনপির নেতা শফিকুল ইসলাম বুলবুল, নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা আব্বাস আলী নান্নু, নলডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি এম এ হাফিজ, সিনিয়র সহ-সভাপতি আবু জাফর মাস্টার, সমাজসেবক আলহাজ ইয়াছিন উর রহমান এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের নলডাঙ্গা প্রতিনিধি এম জহুরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভা শেষে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনস্বার্থে গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।
মন্তব্য করুন