বাগেরহাটের মোরেলগঞ্জে শিক্ষার মানোন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও মাদকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টায় মোরেলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে দৈবজ্ঞহাটী আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সিনিয়র সচিব ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. মশিউর রহমান। সম্মানিত অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।
সভায় সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা দুদকের পাবলিক প্রসিকিউটর ও দৈবজ্ঞহাটী আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট শেখ নজরুল ইসলাম কাজল।
এ সময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী হাসান, বাগেরহাট জেলা মহিলা দলের সভাপতি শাহিদা পারভীন, মোরেলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ইউনুচ আলী আকন, সাধারণ সম্পাদক লুৎফর রহমান তালুকদার, সেলিমাবাদ প্রেসক্লাবের সভাপতি ও দৈবজ্ঞহাটী ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান ডিয়ারসহ শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
আলোচনা সভায় অতিথিরা শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টদের দায়িত্ব ও করণীয় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকের বিস্তার রোধ এবং শিক্ষার্থীদের সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া পাঁচ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ, রোপণ ও পরিচর্যার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের পরিবেশ সংরক্ষণে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান অতিথিরা।
অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন