নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা’দ—
হযরত মুহাম্মাদ (সা.) এমন এক মহান নবী, যাঁকে আল্লাহ তায়ালা সমগ্র বিশ্বজগতের জন্য রহমতস্বরূপ প্রেরণ করেছেন। পূর্ববর্তী নবীগণ নির্দিষ্ট জাতি, সম্প্রদায় বা ভূখণ্ডের জন্য প্রেরিত হলেও মুহাম্মাদ (সা.)-কে সমগ্র মানবজাতি ও জিন জাতির জন্য নবী হিসেবে পাঠানো হয়েছে।
মহান আল্লাহ বলেন, “আমি তো তোমাকে বিশ্বজগতের প্রতি শুধু রহমত হিসেবেই প্রেরণ করেছি।” (সুরা আল-আম্বিয়া: ১০৭)
আল্লাহ তায়ালা আরও বলেন, “নিশ্চয়ই তুমি মহান চরিত্রের অধিকারী।” (সুরা আল-কলম: ৪)
নবীজি (সা.)-এর পুরো জীবনই আমাদের জন্য শিক্ষা, আদর্শ ও অনুসরণের বিষয়। তাঁর চরিত্র, আচরণ, পারিবারিক জীবন, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক, মানুষের প্রতি ভালোবাসা, দয়া, ক্ষমাশীলতা ও সমাজসেবার অসংখ্য দৃষ্টান্ত রয়েছে।
রাসুলুল্লাহ (সা.) উত্তম কথা বলার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, “উত্তম কথা বলো, নতুবা চুপ থাকো।” (বুখারি)
তিনি সালামের প্রচার এবং মানুষকে খাদ্য দেওয়ার প্রতিও উৎসাহিত করেছেন। এসব আমল মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতি বৃদ্ধি করে।
রাসুলুল্লাহ (সা.) ছিলেন মহান চরিত্রের অধিকারী। তিনি উত্তম চরিত্রকে ভালোবাসতেন এবং অশ্লীলতা, অহংকার ও অসদাচরণ অপছন্দ করতেন।
তিনি বলেছেন, “তোমাদের মধ্যে সর্বোত্তম সে, যার চরিত্র সবচেয়ে সুন্দর।” (বুখারি, মুসলিম)
তিনি আরও বলেছেন, সুন্দর চরিত্রের অধিকারী ব্যক্তি তার চরিত্রের মাধ্যমে নফল নামাজ ও রোজাদারের মর্যাদা লাভ করতে পারে। (আহমাদ, আবু দাউদ)
রাসুলুল্লাহ (সা.) ছিলেন একজন আদর্শ স্বামী। তিনি স্ত্রীদের সঙ্গে সর্বোত্তম আচরণ করতেন। তিনি বলেছেন, “তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি, যে তার স্ত্রীদের কাছে উত্তম।” (তিরমিজি)
বর্তমান সমাজে পারিবারিক অশান্তি ও বিচ্ছেদ কমাতে নবীজি (সা.)-এর পারিবারিক জীবন থেকে শিক্ষা নেওয়া অত্যন্ত জরুরি।
তিনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে উৎসাহ দিয়েছেন এবং প্রতিবেশীকে কষ্ট দিতে নিষেধ করেছেন। সুন্দর চরিত্র, আত্মীয়তার সম্পর্ক রক্ষা এবং প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহারকে তিনি কল্যাণময় জীবনের অন্যতম মাধ্যম হিসেবে তুলে ধরেছেন।
রাসুলুল্লাহ (সা.) ছিলেন অত্যন্ত বিনয়ী। ছোট-বড়, ধনী-গরিব—সবার সঙ্গে তিনি সম্মান ও ভালোবাসার সঙ্গে আচরণ করতেন।
এক ব্যক্তি তাঁর সামনে এসে ভয়ে কাঁপতে শুরু করলে তিনি তাকে আশ্বস্ত করে বলেন, “ভয় পেয়ো না, আমি কোনো বাদশা নই।”
এ থেকেই বোঝা যায়, ক্ষমতা ও মর্যাদা থাকা সত্ত্বেও তিনি কখনো অহংকার করতেন না।
রাসুলুল্লাহ (সা.) তাঁর খাদেমদের সঙ্গেও অত্যন্ত ভালো ব্যবহার করতেন। হযরত আনাস (রা.) দীর্ঘদিন তাঁর খেদমত করেছেন। তাঁর বর্ণনা থেকে জানা যায়, রাসুলুল্লাহ (সা.) কখনো তাঁকে ‘উহ্’ পর্যন্ত বলেননি এবং কোনো কাজের জন্য অপমান করেননি।
এটি আমাদের শেখায়—কর্মক্ষেত্রে অধীনস্থ বা দুর্বল মানুষের সঙ্গেও সম্মানজনক আচরণ করতে হবে।
রাসুলুল্লাহ (সা.) ছিলেন অসীম ধৈর্য ও ক্ষমার প্রতীক। মানুষ তাঁর সঙ্গে অন্যায় করলেও তিনি অনেক সময় ক্ষমা করে দিয়েছেন।
তায়েফের ঘটনা তাঁর ক্ষমাশীলতার অন্যতম বড় দৃষ্টান্ত। তায়েফবাসীর নির্যাতনে তিনি রক্তাক্ত হয়েছিলেন। কিন্তু তিনি তাদের বিরুদ্ধে অভিশাপ দেননি; বরং তাদের ভবিষ্যৎ প্রজন্মের হেদায়েতের আশা করেছিলেন।
তিনি বলেছেন, “আমি অভিশাপকারী হিসেবে প্রেরিত হইনি; আমি তো রহমত হিসেবে প্রেরিত হয়েছি।” (মুসলিম)
রাসুলুল্লাহ (সা.) ছিলেন দয়ার সাগর। তিনি মানুষকে একে অপরের প্রতি দয়াশীল হওয়ার শিক্ষা দিয়েছেন।
তিনি বলেছেন, “যে দয়া করে না, তার প্রতি দয়া করা হয় না।” (বুখারি, মুসলিম)
শুধু মানুষের প্রতিই নয়, পশুপাখির প্রতিও তিনি দয়া প্রদর্শনের শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন, প্রত্যেক জীবের প্রতি দয়া প্রদর্শনের মধ্যেই সওয়াব রয়েছে।
রাসুলুল্লাহ (সা.) মানুষের বাহ্যিক সৌন্দর্য নয়, বরং গুণ ও অন্তরের মূল্যায়ন করতেন। তিনি মানুষের সঙ্গে হাসিমুখে সাক্ষাৎ করতেন এবং সাহাবিদেরও মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে উৎসাহিত করতেন।
তিনি বলেছেন, “তোমার ভাইয়ের সঙ্গে হাসিমুখে সাক্ষাৎ করাও একটি কল্যাণকর কাজ।” (মুসলিম)
মানুষের মধ্যে ভালোবাসা ও সম্পর্ক দৃঢ় করতে রাসুলুল্লাহ (সা.) উপহার বিনিময়ের প্রতি উৎসাহ দিয়েছেন। পারস্পরিক উপহার মানুষের মধ্যে সম্প্রীতি ও হৃদ্যতা বাড়ায়।
রাসুলুল্লাহ (সা.) মানুষকে দান-সদকার প্রতি উৎসাহিত করেছেন। পাশাপাশি কূপ খনন, গাছ লাগানো, রাস্তা থেকে ক্ষতিকর বস্তু সরিয়ে দেওয়া—এসব জনকল্যাণমূলক কাজের প্রতিও উৎসাহ দিয়েছেন।
অন্যের উপকার করা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা।
রাসুলুল্লাহ (সা.) হালাল ও সৎভাবে উপার্জনের ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, মানুষের নিজের হাতের পরিশ্রমে উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য আর নেই। (বুখারি)
অর্থাৎ জীবিকা অর্জনে সততা, পরিশ্রম ও হালাল পথ অবলম্বন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শিক্ষা ছাড়া কোনো সমাজের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। রাসুলুল্লাহ (সা.) জ্ঞান অর্জনের প্রতি অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। ইসলাম মানুষকে জ্ঞান অর্জন, চিন্তা ও উপলব্ধির মাধ্যমে জীবনকে সুন্দর করার শিক্ষা দিয়েছে।
রাসুলুল্লাহ (সা.)-এর জীবন আমাদের জন্য একটি পূর্ণাঙ্গ আদর্শ। তাঁর চরিত্রে ছিল দয়া, ক্ষমা, বিনয়, সততা, ন্যায়বিচার, মানবিকতা ও ভালোবাসার অপূর্ব সমন্বয়।
তাঁর জীবন থেকে আমরা অসংখ্য শিক্ষা গ্রহণ করতে পারি। সংক্ষিপ্ত একটি লেখায় তাঁর মহান জীবনের সব দিক তুলে ধরা সম্ভব নয়। আমাদের প্রত্যেকের উচিত শুধু মুখে তাঁর প্রতি ভালোবাসা প্রকাশ না করে তাঁর আদর্শকে ব্যক্তিজীবন, পারিবারিক জীবন ও সামাজিক জীবনে বাস্তবায়ন করা।
মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে জীবন পরিচালনা করার তাওফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।
লেখক: হাফিজ মাছুম আহমদ দুধরচকী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও কলামিস্ট।
মন্তব্য করুন