গাজীপুরের কালিয়াকৈরে কুকুরের উপদ্রব বেড়ে যাওয়ায় আতঙ্কে রয়েছেন পথচারী ও শিক্ষার্থীরা। উপজেলার বিভিন্ন এলাকায় কুকুরের কামড় ও আঁচড়ে আহত হয়ে নিয়মিত স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসছেন মানুষ।
বিশেষ করে শিশু ও স্কুলগামী শিক্ষার্থীদের নিয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। কালিয়াকৈর পৌরসভা ও উপজেলার হরতকিতলা, আমতলা মোড়, মাইওয়ান মোড়, ফুলবাড়িয়া, মৌচাক, সফিপুর, বোয়ালী, শ্রীফলতলী, সূত্রাপুর, চাপাইর ও ঢালজোড়াসহ বিভিন্ন এলাকায় কুকুরের উপদ্রবের কথা জানিয়েছেন স্থানীয়রা।
কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা মেডিকেল অফিসার সাদিয়া তাসনিম মুনমুন জানান, প্রজনন মৌসুমে কুকুরের আচরণে পরিবর্তন ও আক্রমণাত্মক প্রবণতা দেখা দিতে পারে। কুকুরের কামড় বা আঁচড় লাগলে জলাতঙ্কের ঝুঁকি থাকে। তাই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং সরকারি হাসপাতাল থেকে প্রয়োজনীয় ভ্যাকসিন গ্রহণ করা জরুরি।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, কুকুরের উপদ্রবের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। দ্রুত ভ্যাকসিনেশন ও প্রতিরোধমূলক ক্যাম্পেইনের ব্যবস্থা নেওয়া হবে।
তিনি অভিভাবকদের শিশুদের একা বাইরে না ছাড়ার পরামর্শ দেন।
স্থানীয়রা বলছেন, কুকুরের উপদ্রব নিয়ন্ত্রণে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি আক্রান্তদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
মন্তব্য করুন