দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
নির্বাচন কমিশনার ও মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক এ তফসিল ঘোষণা করেন। এ সময় জেলা বণিক সমিতির সাধারণ ব্যবসায়ী ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশনার শফিকুল ইসলাম শফিক জানান, আগামী ২৫ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গোপন কক্ষে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। এতে সমিতির ১ হাজার ৯২৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, ২ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ও মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। মনোনয়নপত্র জমার শেষ সময় ৫ সেপ্টেম্বর বিকেল ৫টা। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৬ সেপ্টেম্বর দুপুর ১২টায় এবং বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে একই দিন বিকেল ৫টায়।
আপিল আবেদন নিষ্পত্তির শেষ সময় ৮ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৯ সেপ্টেম্বর দুপুর ৩টা এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে একই দিন বিকেল ৫টায়। প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১০ সেপ্টেম্বর সকাল ১০টায়।
নির্বাচনী প্রচারণা চলবে ১০ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত। ২৫ সেপ্টেম্বর ভোটগ্রহণ শেষে ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।
তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনার শফিকুল ইসলাম শফিক নির্বাচনী আচরণবিধি উপস্থিতদের পড়ে শোনান। তিনি সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
শহরের ব্যবসায়ী আলাউদ্দিন বলেন, দীর্ঘ ২৩ বছর পর জেলা বণিক সমিতির নির্বাচন হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। তিনি একটি গ্রহণযোগ্য, অবাধ ও সুন্দর নির্বাচনের মাধ্যমে ব্যবসায়ীবান্ধব কমিটি গঠনের প্রত্যাশা করেন।
ব্যবসায়ীদের প্রত্যাশা, দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনের মাধ্যমে একটি কার্যকর কমিটি গঠিত হবে এবং তা জেলার ব্যবসায়ীদের স্বার্থ ও উন্নয়নে ভূমিকা রাখবে।
মন্তব্য করুন