বাগেরহাটের মোরেলগঞ্জে মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে দুই ভাই নিহত হয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মহিষপুরা পুলিশ ক্যাম্পের পেছনের মাঠে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—উপজেলার শৌলখালী গ্রামের মনিরঞ্জন বাছাড়ের ছেলে বিধান বাছাড় (৫৫) ও মানিক বাছাড় (৪০)। তারা আপন দুই ভাই।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে বিধান ও মানিক মাঠে কৃষিকাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা মারা যান।
মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান ইয়াদ বলেন, দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উপজেলা বিএনপির পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।
তিনি আরও বলেন, বিএনপি নিহত দুই পরিবারের পাশে থাকবে এবং পরবর্তীতে সরকারি সহায়তার প্রয়োজন হলে সহযোগিতার চেষ্টা করা হবে।
মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল্লাহ জানান, নিহতের খবর পেয়ে জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। ঘটনাস্থলে প্রতিনিধি পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে নিহতদের পরিবারের জন্য আর্থিক সহযোগিতার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন