সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবনসংলগ্ন নীলডুমুর এলাকা থেকে বড় আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ ও কমিউনিটি প্যাট্রলিং গ্রুপের (সিপিজি) সদস্যরা।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে নীলডুমুর এলাকার আতিয়ার রহমান গাজীর ছেলে মুক্তার গাজীর বাড়ির মুরগির ঘর থেকে অজগরটি উদ্ধার করা হয়।
বন বিভাগ ও স্থানীয়দের ধারণা অনুযায়ী, অজগরটির দৈর্ঘ্য প্রায় ৮ থেকে ১০ ফুট এবং ওজন ২৫ থেকে ৩০ কেজি।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে খাবারের সন্ধানে অজগরটি লোকালয়ে ঢুকে মুক্তার গাজীর মুরগির ঘরে আশ্রয় নেয়। বাড়ির মালিকের দাবি, এ সময় অজগরটি ঘরে থাকা হাঁস-মুরগির ওপর আক্রমণ করে এবং ছয়টি হাঁস-মুরগি খেয়ে ফেলে।
মুক্তার গাজী বলেন, রাতে অজগরটি মুরগির ঘরে ঢুকে পড়ে। সকালে দেখতে পান, মুরগিগুলো ঘর থেকে বের হচ্ছে না। পরে টর্চের আলো দিয়ে ঘরের ভেতরে তাকিয়ে বড় আকৃতির অজগরটি দেখতে পান।
পরে বিষয়টি বন বিভাগ ও সিপিজির সদস্যদের জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ সময় চেষ্টা করে অজগরটি নিরাপদে উদ্ধার করেন।
উদ্ধারের পর বন বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী অজগরটিকে সুন্দরবনের কলাগাছিয়া এলাকার কাছাকাছি বনের ভেতরে নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়।
বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা এরফান উদ্দিন বলেন, নীলডুমুর এলাকার একটি মুরগির ঘর থেকে বড় আকৃতির একটি অজগর উদ্ধার করা হয়েছে। পরে সেটিকে সুন্দরবনের কলাগাছিয়া এলাকার কাছাকাছি নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়েছে।
বন বিভাগের কর্মকর্তারা জানান, খাদ্যের সন্ধানসহ বিভিন্ন কারণে বন্যপ্রাণী কখনো কখনো লোকালয়ের কাছাকাছি চলে আসতে পারে। এ ধরনের বন্যপ্রাণী দেখতে পেলে আতঙ্কিত না হয়ে বন বিভাগকে খবর দেওয়ার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান তারা।
মন্তব্য করুন