চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৭৬ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীন মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে। শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের গোপালপুর গ্রাম থেকে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, জব্দ করা ৭৬ বোতল এস্কাফ সিরাপের আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার ৪০০ টাকা। এছাড়া মোটরসাইকেলটির আনুমানিক মূল্য ১ লাখ ৪০ হাজার টাকা। সব মিলিয়ে জব্দ করা মালামালের মোট মূল্য ১ লাখ ৭০ হাজার ৪০০ টাকা।
আইনগত প্রক্রিয়া শেষে জব্দ করা মাদকদ্রব্য ও মোটরসাইকেল শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।
বিজিবি সূত্র আরও জানায়, গত আগস্ট মাসে ৫৩ বিজিবির বিভিন্ন অভিযানে ৫২২ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ১১৫ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ, ৩০ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
অভিযানের সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি কাজ করে যাচ্ছে।
মন্তব্য করুন