
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হাতিয়া দ্বীপ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড-এর উদ্যোগে র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রথম পুরস্কার হিসেবে মোটরসাইকেল জিতে নিয়েছেন পশ্চিম চর লক্ষীদিয়া এলাকার আফিপা।
মঙ্গলবার (৩১ মার্চ) হাতিয়া দ্বীপ নিউ মার্কেট এলাকায় এ র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমিতির সভাপতি মোঃ নাজিম উদ্দিন। সভাপতিত্ব করেন সাধারণ সম্পাদক আবদুল কাদের।
আয়োজকরা জানান, ঈদ উপলক্ষে ক্রেতাদের জন্য বিশেষ এ আয়োজন করা হয়। নিউ মার্কেটের দোকানগুলো থেকে প্রতি ৩০০ টাকার পণ্য কেনার বিপরীতে একটি করে কুপন দেওয়া হয়। পরে সেই কুপনের ভিত্তিতে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
র্যাফেল ড্র-তে প্রথম পুরস্কার হিসেবে একটি মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার একটি ফ্রিজ, তৃতীয় পুরস্কার হিসেবে একজোড়া সোনার কানের দুল, চতুর্থ পুরস্কার একটি এলইডি টিভি এবং পঞ্চম পুরস্কার হিসেবে একটি বাইসাইকেল রাখা হয়। এছাড়া মোবাইল ফোনসহ মোট ৫০টি আকর্ষণীয় পুরস্কার বিজয়ীদের মধ্যে বিতরণ করা হয়।
প্রথম পুরস্কার হিসেবে মোটরসাইকেল জিতে নেন পশ্চিম চর লক্ষীদিয়া এলাকার আফিপা। তার কুপন নম্বর ছিল ২৪৫৭৭। পরে তাকে ফোনে বিষয়টি জানানো হলে তার বাবা ও দাদা অনুষ্ঠানে উপস্থিত হয়ে পুরস্কার গ্রহণ করেন।
অনুষ্ঠানে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিশেষ করে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে পুরো আয়োজন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
র্যাফেল ড্র ঘিরে স্থানীয় ক্রেতা ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকরা জানান, ক্রেতাদের উৎসাহ ও বাজারে কেনাকাটা বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখা হবে।
মন্তব্য করুন