রংপুরের বদরগঞ্জে জনগণের নানা সমস্যা ও উন্নয়ন চাহিদা তুলে ধরলেন অবসরপ্রাপ্ত মেজর নাসিম উদ্দিন। দীর্ঘদিন ধরে মানবসেবায় নিয়োজিত এ ব্যক্তি স্থানীয় জনগণের বিভিন্ন দুর্ভোগের কথা তুলে ধরেন সংসদ সদস্যের সামনে।
শুক্রবার (২৪ এপ্রিল) উপজেলার লালদিঘি ওয়াকফ নুরানী মাদ্রাসার আয়োজনে হাফেজ ছাত্রদের পাগড়ি ও সনদপত্র প্রদান অনুষ্ঠানে এ আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেজর (অব.) নাসিম উদ্দিন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএম আজহারুল ইসলাম, সংসদ সদস্য (রংপুর-২ আসন)।
অনুষ্ঠানে সূচনা বক্তব্যে মেজর নাসিম উদ্দিন এলাকার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তিনি বলেন, লালদিঘি বাজারে শৌচাগার না থাকায় সাধারণ মানুষ ও মাদ্রাসার শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়ছেন। পাশাপাশি তিনি দামোদরপুর কালিরহাট সেতু থেকে এক কিলোমিটার রাস্তা পাকাকরণ, মাদ্রাসার দ্বিতীয়তলা ভবন নির্মাণ, অজুখানার আধুনিকায়নসহ বিভিন্ন উন্নয়ন দাবি জানান।
এছাড়া গোপিনাথপুর ইউনিয়নের বিভিন্ন কাঁচা রাস্তা পাকা করা, ভূমি অফিস এলাকায় অবকাঠামো উন্নয়ন এবং লালদিঘি পীরপাল কলেজের গভর্নিং বডির সভাপতির দায়িত্ব পুনর্বহালের বিষয়েও এমপির দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম জনগণের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং পর্যায়ক্রমে এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন।
স্থানীয়রা জানান, এ ধরনের উদ্যোগের মাধ্যমে এলাকার দীর্ঘদিনের অবহেলিত সমস্যাগুলো আলোচনায় আসছে, যা ভবিষ্যতে উন্নয়নের পথ খুলে দিতে পারে।
মন্তব্য করুন