নোয়াখালীর সেনবাগ উপজেলার ঐতিহ্যবাহী বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজের আজীবন দাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন প্রতিষ্ঠানটির সাবেক সভাপতি ও এসএফ গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর সৈয়দা শারমিন আক্তার।
আজীবন দাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্তির আনুষ্ঠানিকতার অংশ হিসেবে নির্ধারিত তিন লাখ টাকা অনুদানের একটি চেক হস্তান্তর করা হয়। এ সময় সৈয়দ হারুন ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, অনুদানের অর্থ প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কার্যক্রম ও শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় করা হবে।
সৈয়দা শারমিন আক্তার সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং লায়ন সৈয়দ হারুন এমজেএফের জ্যেষ্ঠ কন্যা। এর আগে তিনি বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজের সভাপতির দায়িত্ব পালন করেন।
প্রতিষ্ঠানটির সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততার ধারাবাহিকতায় এবার তিনি আজীবন দাতা সদস্য হিসেবে যুক্ত হলেন। সংশ্লিষ্টদের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে ব্যক্তি ও পরিবারের আর্থিক অংশগ্রহণের এটি একটি উল্লেখযোগ্য উদ্যোগ।
সৈয়দ হারুন ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, আজীবন দাতা সদস্য কার্যক্রমের আওতায় সেনবাগের মোট চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে একই পরিবারের ছয়জন সদস্য ইতোমধ্যে আজীবন দাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।
ফাউন্ডেশনের পক্ষ থেকে আরও বলা হয়, শিক্ষার মানোন্নয়ন, প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ অন্য ব্যক্তি, পরিবার ও প্রাক্তন শিক্ষার্থীদেরও নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে এগিয়ে আসতে উৎসাহিত করতে পারে।
সংশ্লিষ্টরা আশা করছেন, ব্যক্তি ও পরিবারের ধারাবাহিক সহযোগিতায় বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজসহ সেনবাগের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা পরিবেশ, অবকাঠামো ও শিক্ষার্থীবান্ধব কার্যক্রম আরও উন্নত হবে।
মন্তব্য করুন