উপকূলীয় এলাকার ১৪৪টি পূজামণ্ডপের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ডের ৩৫০০ সদস্য নিয়োজিত রয়েছেন। দুর্গাপূজা নির্বিঘ্ন করতে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় তারা দায়িত্ব পালন করছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে মোংলা উপজেলা কেন্দ্রীয় মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শনকালে এ তথ্য জানান কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মাঈনুল হাসান।
কোস্ট গার্ডের মহাপরিচালক বলেন, দশমীর প্রতিমা বিসর্জন পর্যন্ত কোস্ট গার্ড সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। বিসর্জনের সময় দুর্ঘটনা এড়াতে প্রস্তুত রাখা হবে ডুবুরি দল। ধর্মীয় সম্প্রীতি রক্ষা ও উৎসব নির্বিঘ্ন করতেও তারা কাজ করছেন।
তিনি আরও বলেন, প্রশাসনের নজরদারিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে শেষ হবে বলে তিনি আশাবাদী। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগের আহ্বান জানান তিনি।
পূজামণ্ডপ পরিদর্শনকালে কোস্ট গার্ডের পদস্থ কর্মকর্তা ও মণ্ডপ কমিটির নেতারা উপস্থিত ছিলেন। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
মন্তব্য করুন