
জুন ও জুলাই মাসের বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেশি আসার অভিযোগের পর এ বিষয়ে নতুন বার্তা দিয়েছে বিদ্যুৎ বিভাগ। কোনো গ্রাহকের অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ থাকলে প্রমাণসহ আবেদন করার আহ্বান জানিয়ে কর্তৃপক্ষ বলেছে, অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (৩ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক স্পষ্টিকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে কিছু ব্যক্তি বা গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে। বিদ্যুৎ বিভাগ এ ধরনের প্রচারের তীব্র প্রতিবাদ জানাচ্ছে। বিভাগটির দাবি, অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত যেসব অভিযোগ পাওয়া গেছে, সেগুলো ইতোমধ্যে বিদ্যুৎ বিভাগ ও সংশ্লিষ্ট বিতরণ সংস্থাগুলো যাচাই-বাছাই করে সমাধান করেছে।
মন্ত্রণালয় জানায়, এ বিষয়ে বিভ্রান্তি বা অপপ্রচার ছড়ানোর কোনো সুযোগ নেই। তবে কোনো গ্রাহক যদি অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ করেন, তাহলে প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো ধরনের তথ্য-প্রমাণ ছাড়াই জনমনে বিভ্রান্তি সৃষ্টি বা অপপ্রচারের উদ্দেশ্যে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে মিথ্যা তথ্য প্রচার করা হলে দায়ী ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত জুন ও জুলাই মাসে দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার অভিযোগ করেন অনেক গ্রাহক। কেউ কেউ দাবি করেন, বিদ্যুৎ ব্যবহার কম হলেও আগের তুলনায় দুই থেকে তিন গুণ পর্যন্ত বেশি বিল এসেছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতেই বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে এ স্পষ্টিকরণ দেওয়া হলো।
মন্তব্য করুন