পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ক্ষুব্ধ গ্রাহক ও স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ জানিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির দুই মিটার রিডারকে কয়েক ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন।
বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। অবরুদ্ধ দুই মিটার রিডার হলেন মঠবাড়িয়া পল্লী বিদ্যুৎ অফিসের জাহাঙ্গীর হোসেন (৫০) ও সাব্বির হোসেন (৩০)।
ভুক্তভোগী গ্রাহক মোহাম্মদ রাসেল অভিযোগ করেন, গত জুন মাসে তার বিদ্যুৎ ব্যবহারের বিল ছিল ৮৫ ইউনিট। কিন্তু চলতি মাসে তার মিটারের প্রকৃত রিডিং ১ হাজার ৫৮০ ইউনিট হলেও বিল প্রস্তুতের সময় তা ১ হাজার ৬৬০ ইউনিট হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে অতিরিক্ত ৮০ ইউনিটের বিল যুক্ত হওয়ায় তাকে বাড়তি অর্থ পরিশোধ করতে হচ্ছে বলে দাবি করেন তিনি।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ভুল মিটার রিডিংয়ের কারণে অনেক গ্রাহক অতিরিক্ত বিদ্যুৎ বিল পরিশোধ করতে বাধ্য হচ্ছেন। তারা এ ধরনের অনিয়ম বন্ধ এবং দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে মঠবাড়িয়া পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. আমিনুল ইসলাম সুমন বলেন, মিটার রিডার জাহাঙ্গীর হোসেন অসুস্থ থাকায় গত মাসে তার ছেলে অস্থায়ীভাবে মিটার রিডিং সংগ্রহ করেছিলেন। সে সময় অনিচ্ছাকৃতভাবে একটি ভুল হয়েছে। বিষয়টি ইতোমধ্যে কর্তৃপক্ষের নজরে এসেছে এবং দ্রুত বিল সংশোধনের ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, গ্রাহকদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। প্রকৃত রিডিং অনুযায়ী বিল সমন্বয় করে দেওয়া হবে।
মন্তব্য করুন