গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাজাডেক বাথান বাড়ি এলাকা থেকে এক নবজাতক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যা ৭টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে এলাকার একটি খেলার মাঠের পাশে কয়েকটি কুকুর নবজাতকের মরদেহ টানা-হেঁচড়া করতে দেখে স্থানীয় কিশোররা বিষয়টি এলাকাবাসীকে জানায়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে কুকুরগুলোকে সরিয়ে দেয় এবং পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নবজাতকের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশের ধারণা, জন্মের পর শিশুটিকে হত্যা করে সেখানে ফেলে যাওয়া হতে পারে। তবে তাৎক্ষণিকভাবে নবজাতকের পরিচয় শনাক্ত করা যায়নি। শিশুটির বয়স আনুমানিক সাত মাস হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দা আখি আক্তার বলেন, বিকেলে শিশুটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখি। যারা এ ঘটনা ঘটিয়েছে, তারা মানবিকতার পরিচয় দেয়নি। এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য করুন