চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন। তিনি উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত থেকে তাদের মতামত ও সুপারিশ তুলে ধরেন।
উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকরামুল হক নাহিদ, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ একরামুল হোসাইন পিপিএম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোসাঃ শারমিন আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সুনাইন বিন জামান এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ ইমরুল কায়েসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সভায় বাল্যবিবাহ প্রতিরোধে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। এ বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মসজিদের ইমাম ও নিকাহ রেজিস্ট্রারদের সম্পৃক্ত করে ব্যাপক প্রচারণা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বক্তারা বলেন, বাল্যবিবাহ শুধু সামাজিক সমস্যা নয়, এটি মাতৃমৃত্যু ও শিশুস্বাস্থ্যের ওপরও মারাত্মক প্রভাব ফেলে। তাই এটি প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ অপরিহার্য।
এছাড়া মাদকদ্রব্যের অপব্যবহার রোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ ও বিজিবির সমন্বয়ে টাস্কফোর্স গঠন করে নিয়মিত অভিযান পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়। সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে নজরদারি আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
সভায় অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কঠোর অবস্থান নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি বাধ এলাকা থেকে অবৈধ বালু উত্তোলন রোধে নিয়মিত পুলিশ টহল বাড়ানোর সিদ্ধান্ত হয়। পৌর এলাকায় যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করার বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও মারুফ আফজাল রাজন বলেন, “উপজেলার কোথাও যেন অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত না হয়, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। সন্ত্রাস, মাদক ও চোরাচালান প্রতিরোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।” তিনি আরও বলেন, কোনো ধরনের অনিয়ম বা অপরাধমূলক তথ্য পাওয়া গেলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।
সভায় উপস্থিত কর্মকর্তারা সম্মিলিতভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সভা শেষে জননিরাপত্তা নিশ্চিত করতে সকল দপ্তরের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
মন্তব্য করুন