চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মাদকবিরোধী অভিযানে ৯৪ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৯ জুলাই) দিবাগত রাতের অভিযানে এসব সিরাপ জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধীনস্থ চরবাগডাংগা বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়নের চাচ্চুরচর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্তবর্তী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৯৪ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
জব্দকৃত নেশাজাতীয় সিরাপের আনুমানিক বাজারমূল্য ৩৭ হাজার ৬০০ টাকা। উদ্ধার হওয়া মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৫৩ বিজিবির চলমান অভিযানের অংশ হিসেবে এ সাফল্য এসেছে। বিজিবি সূত্রে আরও জানা যায়, চলতি জুলাই মাসে বিভিন্ন সময়ে পরিচালিত অভিযানে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে মোট ৬৯৯ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৬৪ বোতল ফেয়ারডিল সিরাপ এবং ৯০ বোতল মদ জব্দ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি বলেন, “ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং মাদকসহ সব ধরনের চোরাচালান রোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। সীমান্ত সুরক্ষায় আমাদের জিরো টলারেন্স নীতি ও নিরলস অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
সংশ্লিষ্টরা বলছেন, সীমান্ত এলাকায় বিজিবির নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার হওয়ায় মাদক ও অবৈধ পণ্য পাচার রোধে ইতিবাচক প্রভাব পড়ছে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
মন্তব্য করুন