ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায়কে হত্যার ঘটনায় দায়ের করা মামলার দ্বিতীয় আসামি জুয়েল ওরফে নয়ন ডাকুয়াকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ঝালকাঠি সদর থানা পুলিশ জানায়, মামলার প্রধান আসামি রিতোষ একই ভবনের তৃতীয় তলার ভাড়াটিয়া ছিলেন। তদন্তে জানা গেছে, রথযাত্রা উপলক্ষে ভবনের অধিকাংশ বাসিন্দা বাইরে থাকার সুযোগে সহযোগী জুয়েল ওরফে নয়ন ডাকুয়াকে নিয়ে তিনি দ্বিতীয় তলায় তপন রায়ের বাসায় চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, দরজা ভাঙার শব্দে গৃহবধূ মলিনা রায় বিষয়টি টের পেয়ে রিতোষকে চিনে ফেললে ধরা পড়ার ভয়ে দুই আসামি তার মুখ চেপে ধরে, হাত-পা বেঁধে এবং মুখে একটি বাজারের ব্যাগ গুঁজে শ্বাসরোধে হত্যা করে।
ঘটনাটিকে সাধারণ চুরির ঘটনা হিসেবে দেখানোর জন্য প্রধান আসামি নিজের ভাড়া করা বাসাটিও এলোমেলো করে রেখে যায়। পরে দুই আসামি বাড়ির পেছনের দেয়াল টপকে পালিয়ে যায়।
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রধান আসামি রিতোষকে গ্রেপ্তার করা হয়। তদন্তকারী সংস্থা জানায়, তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পুলিশের অনুরোধে র্যাব-১০ দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে দ্বিতীয় আসামি জুয়েল ওরফে নয়ন ডাকুয়াকে গ্রেপ্তার করে। তাকে ঝালকাঠিতে আনা হয়েছে। মামলার তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
পুলিশ জানিয়েছে, মলিনা রায় হত্যা মামলায় দ্বিতীয় আসামি গ্রেপ্তারের মাধ্যমে তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিলসহ পরবর্তী বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হবে।
মন্তব্য করুন