পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও গুণীজনদের সম্মাননা প্রদান অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) সকাল ১০টায় মহানন্দা ইকোকটেজ (ইএসডিও) প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ মোট ৫৬ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে নাগরিক প্ল্যাটফর্মের উপদেষ্টা গল্পকার সফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও প্রাণিসম্পদ কর্মকর্তা উসমান গনি শিশিরের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ সম্পদ। তাদের যথাযথ মূল্যায়ন ও উৎসাহ প্রদান করলে তারা সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
এ সময় উপস্থিত ছিলেন কাজী শাহাব উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আতাউর রহমান, প্রকৌশলী অরুণাংশু চন্দ্র সেন, নাগরিক প্ল্যাটফর্মের সভাপতি ও জনতা ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন মোল্লাহ, ভজনপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মকবুলার রহমান, রণচণ্ডী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারুক হোসেন, জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিবেশবিদ মাহমুদুর রহমান, কবি জসিম উদ্দিন সংসদের তাজুর উদ্দিন আহমেদ, শিক্ষার্থী মোছা. রবি আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
মন্তব্য করুন