চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮৪ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ (Eskuf) সিরাপ জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে বুধবার (৮ জুলাই) ভোরে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধীনস্থ চাঁনশিকারী বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালায়। নায়েক মো. আমজাদ আলীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে ভোলাহাট উপজেলার ১ নম্বর ভোলাহাট ইউনিয়নের হাউজফুল গ্রামের বুদ্ধ সুবেদারের আমবাগানে তল্লাশি চালানো হয়।
অভিযানস্থলটি সীমান্ত পিলার ১৯৯/৪-এস থেকে প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত। এ সময় মালিকবিহীন অবস্থায় ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ৮৪ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ সিরাপ জব্দ করা হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মাদকের ভয়াবহতা থেকে দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করে যাচ্ছে। সীমান্ত এলাকায় মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।
মন্তব্য করুন