শ্রমিকের উচ্চ মজুরির কারণে জমিতে পরিপক্ব পাট কাটতে না পেরে বিপাকে পড়েছিলেন মাগুরার শ্রীপুর উপজেলার এক দরিদ্র কৃষক। এমন পরিস্থিতিতে মানবিক উদ্যোগ নিয়ে তার পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)।
বৃহস্পতিবার (২৩ জুলাই) মাগুরার শ্রীপুর উপজেলার ৪ নম্বর শ্রীপুর সদর ইউনিয়নের সারঙ্গদিয়া গ্রামে এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়।
জানা যায়, সারঙ্গদিয়া গ্রামের কৃষক মো. আলতাফ বিশ্বাস অর্থাভাবে শ্রমিক নিয়োগ করতে না পারায় তার জমির পরিপক্ব পাট কাটতে পারছিলেন না। বিষয়টি জানতে পেরে শ্রীপুর সদর ইউনিয়নের ভিডিপি দলনেতা মনিরুল ইসলাম-এর নেতৃত্বে আনসার-ভিডিপির একটি স্বেচ্ছাসেবী দল কৃষকের জমিতে গিয়ে দিনব্যাপী সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে পাট কেটে দেন।
সহায়তা পেয়ে আবেগাপ্লুত কৃষক আলতাফ বিশ্বাস বলেন, “বিপদের সময়ে আনসার-ভিডিপির ভাইয়েরা বিনা পারিশ্রমিকে আমার পাট কেটে দিয়েছেন। তাদের এই সহযোগিতা আমি কোনোদিন ভুলব না।”
ভিডিপি দলনেতা মনিরুল ইসলাম জানান, জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ জসিম উদ্দিন এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন-এর নির্দেশনায় তারা এ কার্যক্রম পরিচালনা করেন। তিনি বলেন, “আনসার-ভিডিপি সবসময় জনগণের পাশে থেকে মানবিক সেবা দিতে কাজ করে।”
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন বলেন, কৃষক মৌখিকভাবে অফিসে এসে সমস্যার কথা জানান। বিষয়টি জেলা কমান্ড্যান্টকে অবহিত করার পর তার নির্দেশনায় উপজেলা প্রশিক্ষক সুজন মিত্রসহ সংশ্লিষ্ট সদস্যদের নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
আনসার-ভিডিপির এই মানবিক উদ্যোগে কৃষক আলতাফ বিশ্বাসের পরিবারে স্বস্তি ফিরেছে। স্থানীয়রাও এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন।
মন্তব্য করুন