পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং বন্যপ্রাণী ও পাখির জন্য প্রাকৃতিক খাদ্যের উৎস সৃষ্টির লক্ষ্যে ফরিদপুরের মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন কর্মসূচি শুরু হয়েছে। মাগুরার দুটি স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে মধুখালী রেলগেটসংলগ্ন বীর মুক্তিযোদ্ধা শহীদ ওহিদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ স্লোগানকে সামনে রেখে শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থা এবং মাগুরা জেলা জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটি এ কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি শেখ মো. আব্দুল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহবুব এলাহী, মাগুরা জেলা জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি ও সাংবাদিক মো. সাইফুল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা, মধুখালী রেলস্টেশন মাস্টার মো. কাওছার মাহমুদ, ফরিদপুর চিনিকলের সাবেক কৃষি কর্মকর্তা মো. নজরুল ইসলাম, শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সহ-সভাপতি মিরান্নাহার, সাংগঠনিক সম্পাদক কাজী তকিবুল ইসলাম, সাংবাদিক আব্দুর রশিদ মোল্লা, বীর মুক্তিযোদ্ধা গোলাম কুদ্দুস মল্লিক, ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম, সমাজসেবক ও শ্রমিক নেতা মো. হামিদুল ইসলাম মল্লিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আয়োজকরা জানান, মধুখালী থেকে ভাটিয়াপাড়া পর্যন্ত রেললাইনের উভয় পাশে পর্যায়ক্রমে বিপুল সংখ্যক খেজুরের বীজ বপন করা হবে। এসব বীজ থেকে গাছ জন্মানোর পর তা একদিকে পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখবে, অন্যদিকে পাখি ও বন্যপ্রাণীর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎস সৃষ্টি করবে। পাশাপাশি এলাকার সবুজায়ন বৃদ্ধি পাবে এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায়ও সহায়ক হবে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান বলেন, “ফরিদপুর যেমন আখের গুড়ের জন্য পরিচিত, তেমনি ভবিষ্যতে খেজুরের রস ও খেজুরের গুড় উৎপাদনেও এ অঞ্চল বিশেষ সুনাম অর্জন করবে বলে আমি আশাবাদী।” তিনি পরিবেশ রক্ষায় সকলকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে অতিথিরা রেললাইনের দুই পাশে খেজুরের বীজ বপনের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সার্বিক তদারকিতে ছিলেন সিনিয়র সাংবাদিক শাহজাহান হেলাল।
দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে খেজুর বীজ বপন কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের জনসম্পৃক্ত উদ্যোগ অব্যাহত থাকবে।
মন্তব্য করুন