জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে মাগুরায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক, জেলা পরিষদের প্রশাসক আলী আহমদ, জেলা সিভিল সার্জন ডা. শামীম কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নেছা, জেলা তথ্য অফিসার পাভেল দাস, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল আউয়াল, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান এবং পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক ও শহীদ পরিবারের সদস্যরা।
সভায় জানানো হয়, আগামী ৫ আগস্ট ‘জুলাই শহীদ দিবস’ এবং ১৬ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে মাগুরায় নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসগুলোতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, শহীদ পরিবারকে সংবর্ধনা, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া, মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হবে।
বক্তারা বলেন, জুলাই আন্দোলন দেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে যে গণজাগরণ সৃষ্টি হয়েছিল, তা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
তারা আরও বলেন, আন্দোলনে বহু পরিবার তাদের প্রিয়জন হারিয়েছে। দেশের জন্য আত্মত্যাগকারী শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং তাদের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে।
সভায় দিবস দুটির কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।
মন্তব্য করুন