দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে সততা ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে আয়োজিত চিত্রাংকন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, মেডেল এবং পুরস্কার হিসেবে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
মাগুরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মো. আব্দুল হাকিম বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক, দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঝিনাইদহ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাওসার আহমেদ এবং মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান।
এছাড়াও বক্তব্য দেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুস সাত্তার, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কমিটির সদস্য শফিকুল ইসলাম শফিক, সাংবাদিক শরীফ স্বাধীন এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে নতুন প্রজন্মের মধ্যে সততা, ন্যায়বোধ ও দুর্নীতিবিরোধী মানসিকতা গড়ে তুলতে হবে। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা ও নৈতিক শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আয়োজকরা জানান, চিত্রাংকন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় মাগুরা সদর উপজেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতাগুলো মাগুরা প্রেসক্লাব মিলনায়তন এবং মাগুরা সরকারি উচ্চ বালক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের অভিনন্দন জানানো হয় এবং দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
মন্তব্য করুন