বাংলাদেশ-ভারত মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রকল্পের আওতাধীন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র আকস্মিকভাবে পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। রোববার (১৭ মে) সকাল ১১টার দিকে তিনি বাগেরহাটের রামপাল উপজেলায় অবস্থিত দেশের অন্যতম বৃহৎ এ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি পরিদর্শনে যান।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রীকে স্বাগত জানান বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রাঃ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রামানাথ পূজারী। পরে প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে প্রকল্পের সার্বিক অগ্রগতি, উৎপাদন সক্ষমতা, নিরাপত্তা ব্যবস্থা, কয়লা সরবরাহ ও পরিবেশ ব্যবস্থাপনা নিয়ে একটি বিস্তারিত উপস্থাপনা অনুষ্ঠিত হয়।
এ সময় বিআইএফপিসিএলের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন প্রতিমন্ত্রী। সভায় প্রকল্পের বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিদ্যুৎ উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখতে গৃহীত পদক্ষেপ সম্পর্কে আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার মো. জাকির হোসেন, বিপিডিবির (উৎপাদন) সদস্য মো. জহিরুল ইসলাম, এপিএসসিএলের পরিচালক মোহাম্মদ সোলায়মান, বিদ্যুৎ বিভাগের উপ-সচিব অভিষেক কুমার, প্রকল্প পরিচালক মুহা. আলাউদ্দিন, উপ-প্রকল্প পরিচালক অংকুর আগারওয়ালসহ প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।
এছাড়া উপস্থিত ছিলেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি, রামপাল থানার ওসি মো. রাজিব আল রশিদ এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। তাদের মধ্যে ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, সদস্য সচিব মুজাফফর রহমান আলম, সদস্য অহিদুল ইসলাম পল্টু, রামপাল উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ হোসেন ও মোংলা পৌর বিএনপির সভাপতি জুলফিকার আলী।
সভা শেষে প্রতিমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। তিনি প্ল্যান্টের মূল নিয়ন্ত্রণ কক্ষ, বিশাল আকারের কয়লা সংরক্ষণাগার, কয়লা শেড, জেটি এলাকা, কয়লা আমদানি ও খালাস কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে তিনি বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া, যন্ত্রপাতির কার্যকারিতা এবং নিরাপত্তা ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র দেশের বিদ্যুৎ খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে এ প্রকল্পের অবদান বাড়াতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। প্রতিমন্ত্রীর এ পরিদর্শনকে বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার অংশ হিসেবে দেখা হচ্ছে।
মন্তব্য করুন