মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য বিভাগের চলমান কার্যক্রমের অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসনিম।
সভায় উপস্থিত ছিলেন সিমো (SIMO), বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) ডিভিশনাল কো-অর্ডিনেটর, এমওডিসি (MODC) স্নিগ্ধ, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মাহবুবুর রহমান, এমটি (ইপিআই) আলাল মিয়া এবং উপজেলার সকল স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা।
সভায় চলমান স্বাস্থ্য কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, জাতীয় স্বাস্থ্য কর্মসূচির বাস্তবায়ন, মাঠপর্যায়ের বিভিন্ন কার্যক্রমের মূল্যায়ন, বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়া আসন্ন এইচপিভি (HPV) টিকাদান ক্যাম্পেইনের প্রস্তুতি, লক্ষ্যমাত্রা নির্ধারণ, বাস্তবায়ন কৌশল এবং জনসাধারণের দোরগোড়ায় আরও মানসম্মত ও কার্যকর স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় বক্তারা বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টা, সমন্বয় ও আন্তরিক সহযোগিতার মাধ্যমে স্বাস্থ্যসেবাকে আরও গতিশীল, জনমুখী ও কার্যকর করে তোলা সম্ভব। এ লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।
মন্তব্য করুন