মৌলভীবাজার জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে বিভিন্ন অপরাধমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সায়েক মিয়া (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, সোমবার (২৭ জুলাই) রাত আনুমানিক পৌনে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানার এসআই (নি.) তপন চন্দ্র দাসের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে সদর উপজেলার ৬নং একাটুনা ইউনিয়নের মল্লিকসরাই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দিশালোক এলাকার মৃত রাজা মিয়ার ছেলে সায়েক মিয়াকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তারকৃত সায়েক মিয়া মৌলভীবাজার শহরসহ জেলার বিভিন্ন এলাকায় সংঘটিত বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলার তথ্যও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
মৌলভীবাজার জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন