মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বালাইরমা খাসিয়া পুঞ্জিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকুকে। রবিবার (৩১ মে) উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে কুলাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, খাসিয়া সম্প্রদায়ের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে খাসিয়া সম্প্রদায়ের শিশু-কিশোররা ঐতিহ্যবাহী পোশাকে নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অতিথিদের বরণ করে নেয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পাহাড়ি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের শিক্ষা, সংস্কৃতি ও আর্থ-সামাজিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন। তারা খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্য রক্ষা ও উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শওকতুল ইসলাম শকু বলেন, দেশের সব জনগোষ্ঠীর সমান অধিকার ও উন্নয়ন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। তিনি খাসিয়া সম্প্রদায়ের শিক্ষা, জীবনমান উন্নয়ন ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
পরে অতিথিদের সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। খাসিয়া সম্প্রদায়ের পক্ষ থেকে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। পুরো অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।
মন্তব্য করুন