“আঠারোর আগে বিয়ে নয়, আমরা করব পৃথিবীটা জয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৮ নম্বর ভোগনগর ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা করা হয়েছে।
রবিবার (২৬ জুলাই) দুপুর ১২টায় ভোগনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় পরিচালিত বীরগঞ্জ এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্যোগে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ভোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাজিউর রহমান রাজু সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস।
প্রধান অতিথির বক্তব্যে নিবেদিতা দাস বলেন, “বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত সমাজ গড়ে তোলা শুধু সরকারের একার দায়িত্ব নয়, এটি আমাদের সবার সামাজিক ও নৈতিক দায়িত্ব। একটি শিশুর শৈশব তার মৌলিক অধিকার। অল্প বয়সে বিয়ে হলে মেয়েদের শিক্ষা ব্যাহত হয়, স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি পায় এবং তাদের স্বপ্ন ও সম্ভাবনা নষ্ট হয়ে যায়। একইভাবে শিশুশ্রম শিশুদের স্বাভাবিক বেড়ে ওঠা ও শিক্ষার পথে বড় বাধা সৃষ্টি করে। তাই কোনো অবস্থাতেই ১৮ বছরের আগে মেয়েদের বিয়ে দেওয়া উচিত নয়।”
তিনি আরও বলেন, “ভোগনগর ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা একটি গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় অর্জন। এ অর্জন ধরে রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা, অভিভাবক ও স্থানীয় জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আমরা এমন একটি সমাজ গড়ে তুলতে চাই, যেখানে প্রতিটি শিশু নিরাপদ পরিবেশে বেড়ে উঠবে, শিক্ষা লাভ করবে এবং নিজের স্বপ্ন বাস্তবায়নের সুযোগ পাবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অ্যাকটিং ম্যানেজার সাধন দাস, প্রোগ্রাম অফিসার ডরিস লিয়া হাসদা, ইউপি সচিব মোহাম্মদ ইয়াকুব আলী এবং ইউপি সদস্য সাব্বির হোসেন রয়েল।
বক্তারা বাল্যবিবাহ ও শিশুশ্রমের ক্ষতিকর প্রভাব, নারী ও শিশুদের অধিকার, শিক্ষার গুরুত্ব এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান, অভিভাবক এবং স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখতে হবে।
অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক, কাজী, পুরোহিত, শিশু ফোরামের সদস্য, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন