ভোলার চরসামাইয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন মাতাব্বরের বিরুদ্ধে জমি দখলের চেষ্টা, পুকুরের মাছ লুট এবং জমির মালিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী জুয়েল মাতাব্বর ভোলা সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ভোগদখলে থাকা জমি দখলের উদ্দেশ্যে মহিউদ্দিন মাতাব্বর, তার ভাই মমিনুল ইসলাম মাতাব্বর এবং তাদের সহযোগীরা বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে আসছেন। এ বিষয়ে ভুক্তভোগী জুয়েল মাতাব্বর ভোলা সদর মডেল থানায় জিডি করেন, যার নম্বর- ৮৭০।
ভুক্তভোগীর দাবি, জিডি করার পরও তাকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। এমনকি জমি দখলের উদ্দেশ্যে তার ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলাও দায়ের করা হয়েছে। অভিযোগ রয়েছে, মহিউদ্দিন মাতাব্বর কারাগারে থাকা অবস্থায় তার ভাই মমিনুল ইসলাম মাতাব্বরের মাধ্যমে জুয়েল মাতাব্বর ও তার পরিবারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়, যার নম্বর সিআর-৩২৪/২৬, ভোলা।
জুয়েল মাতাব্বর অভিযোগ করেন, গত ২৭ জুলাই সকাল ১০টার দিকে মহিউদ্দিন মাতাব্বর, পারভেজ মাতাব্বর, নুরুল হক মাতাব্বরসহ ২০ থেকে ২৫ জন তার ভোগদখলীয় সম্পত্তিতে প্রবেশ করে পুকুরের মাছ ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তিনি বাধা দিলে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর হামলার উদ্দেশ্যে এগিয়ে আসে।
তিনি আরও জানান, তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে অভিযুক্তরা প্রকাশ্যে তাকে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে নিজের ও পরিবারের নিরাপত্তা এবং সম্পত্তি রক্ষার স্বার্থে তিনি ভোলা সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটির রিসিভ নম্বর- ১৯৮৭/২৬।
এ বিষয়ে অভিযুক্ত মহিউদ্দিন মাতাব্বরের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
তবে তার ছোট ভাই মমিনুল ইসলাম মাতাব্বর অভিযোগগুলো অস্বীকার করে বলেন, “এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার তাদের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।
পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন