বাগেরহাটের কচুয়া উপজেলার চান্দেরকোলা গ্রামে একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া যাওয়ায় ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার রাড়ীপাড়া ইউনিয়নের চান্দেরকোলা গ্রামে এ ঘটনা জানাজানি হলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে।
নিহতরা হলেন—চান্দেরকোলা গ্রামের মৃত আবদার আলী হাওলাদারের ছেলে আহাদ হাওলাদার (২৫), তার মা মনিরা বেগম এবং নানী সানজিদা বেগম। সানজিদা বেগমের বাড়ি বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর এলাকায় বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী কয়েকজন নারী বাড়ির বারান্দায় এক বৃদ্ধার মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের অন্য সদস্যদের খোঁজ নিতে যান। পরে ঘরের ভেতরে প্রবেশ করে আরও দুটি মরদেহ দেখতে পান তারা। বিষয়টি দ্রুত পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।
কচুয়া থানার এসআই মো. মহমুদ হাসান জানান, নিহতদের শরীরে বিশেষ করে মাথার অংশে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে তাদের হত্যা করা হয়ে থাকতে পারে। বাড়িতে নিয়মিত যাতায়াতকারী কেউ না থাকায় ঘটনাটি এতদিন ধরা পড়েনি।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ জানিয়েছে, হত্যার পেছনের কারণ উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে সম্পৃক্তদের দ্রুত আইনের আওতায় আনতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে একই পরিবারের তিন সদস্যের রহস্যজনক মৃত্যুতে পুরো এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার দ্রুত রহস্য উদ্ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন