পটুয়াখালীর মহিপুরে পূর্ববিরোধের জেরে মো. ইদ্রিস আকন (৩৬) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার ঘটনায় মামলার প্রধান আসামি মো. আল রুমান ওরফে সাব্বিরকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে আলীপুর মাছ বাজার এলাকা থেকে মহিপুর থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার সাব্বির আলীপুর মৎস্য বন্দরের ব্যবসায়ী মো. আবুল হোসেন কাজী ওরফে আবুল কোম্পানির ছেলে।
পুলিশ ও মামলার বিবরণী সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে দুলাল জোমাদ্দারের বাড়ির সামনের একটি মুদি দোকানের সামনে হামলার ঘটনা ঘটে।
মামলার অভিযোগ অনুযায়ী, আলীপুর মৎস্য বন্দরের ব্যবসায়ী মো. আবুল হোসেন কাজী ওরফে আবুল কোম্পানির প্রত্যক্ষ নির্দেশ ও অংশগ্রহণে তাঁর ছেলে আল রুমান ওরফে সাব্বিরসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে ইদ্রিস আকনের ওপর হামলা চালান।
অভিযোগে বলা হয়, হামলাকারীরা ধারালো দা, হাতুড়ি, লোহার রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে ইদ্রিস আকনকে মারধর করেন। এতে তাঁর বাম হাত, গোড়ালি ও পাঁজরে গুরুতর আঘাত লাগে। এ ছাড়া মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
হামলার ঘটনার একটি ভিডিও পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘটনার পর আহত ইদ্রিস আকনকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ২৬ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
কিছুটা সুস্থ হওয়ার পর তিনি আল রুমান ওরফে সাব্বিরসহ চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও তিন থেকে চারজনকে আসামি করে মহিপুর থানায় লিখিত এজাহার দায়ের করেন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, মামলা রুজু হওয়ার পরপরই পুলিশি তৎপরতা শুরু হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুর ১টা ৫ মিনিটে আলীপুর মাছ বাজার এলাকা থেকে মামলার প্রধান আসামি মো. আল রুমান ওরফে সাব্বিরকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন