মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর যুব সংঘের আয়োজনে মরহুম আঃ হামিদ শেখ স্মৃতি চার দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে দারিয়াপুর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত এ ফাইনাল খেলাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
ফাইনাল ম্যাচে দারিয়াপুর ফুটবল একাদশ ১-০ গোলে চৌগাছী ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পুরো ম্যাচজুড়ে দুই দলের মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও উত্তেজনা, তবে শেষ পর্যন্ত একমাত্র গোলেই শিরোপা নিশ্চিত করে দারিয়াপুর একাদশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চিফ প্রসিকিউটর ও দারিয়াপুর ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট মো. তরিকুল ইসলাম।
দারিয়াপুর ইউনিয়ন বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য মো. শাহজাহান শেখের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, দারিয়াপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মসিহুল আজম, এলজিইডির সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাইফুল ইসলাম, বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী ডা. ওসমান গনি, জেলা জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মো. সাইফুল্লাহ, প্রকৌশলী রাশেদ মল্লিক, শ্রীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নাসিরুল ইসলাম, অ্যাডভোকেট রইচ উদ্দিন, অ্যাডভোকেট মনিরুল ইসলাম, কাজী শরিফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, মরহুম আঃ হামিদ শেখের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
স্থানীয় দর্শক ও ক্রীড়ামোদীরা এমন আয়োজনকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে আরও বড় পরিসরে নিয়মিত টুর্নামেন্ট আয়োজনের আহ্বান জানান।
মন্তব্য করুন