মানবসেবা, শিক্ষা বিস্তার ও সমাজ উন্নয়নে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে নতুন এক অর্জন যুক্ত করলেন নোয়াখালীর কৃতী সন্তান ক্যাপ্টেন গোলাম কিবরিয়া (সিআইপি)। বিশ্বের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব অক্সফোর্ড থেকে তিনি অর্জন করেছেন “ওয়ার্ল্ড হিউম্যানিটারিয়ান চ্যাম্পিয়নশিপ অ্যাওয়ার্ড”।
এই অর্জনকে স্থানীয়রা নোয়াখালীসহ বাংলাদেশের জন্য এক বড় সম্মান হিসেবে দেখছেন। খবর ছড়িয়ে পড়ার পর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নজুড়ে আনন্দ-উৎসবের পরিবেশ সৃষ্টি হয়। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
ঈদুল আজহার পর রাষ্ট্রপতির আমন্ত্রণে বঙ্গভবনের আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি নিজ গ্রাম দেওটিতে ফেরেন। এ সময় তাকে স্বাগত জানাতে স্থানীয় শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হন।
পরবর্তীতে আয়োজিত এক সংক্ষিপ্ত বক্তব্যে ক্যাপ্টেন গোলাম কিবরিয়া বলেন, মানবসম্পদ উন্নয়ন ছাড়া কোনো জাতির অগ্রগতি সম্ভব নয়। তরুণদের দক্ষ ও কর্মমুখী করতে শিক্ষার পাশাপাশি কারিগরি ও প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি তার প্রতিষ্ঠিত “ডাঃ মোস্তফা হাজেরা ফাউন্ডেশন”-এর ২০৪০ সালের উন্নয়ন লক্ষ্য তুলে ধরে বলেন, “নিরক্ষরতা, চিকিৎসাহীন মৃত্যু, দারিদ্র্য ও বেকারত্বমুক্ত একটি সমাজ গড়াই আমাদের অঙ্গীকার।”
অনুষ্ঠান শেষে আগত অতিথিদের জন্য নৈশভোজের আয়োজন করা হয় এবং উপস্থিত সবাইকে মৌসুমি ফল উপহার দেওয়া হয়।
স্থানীয়দের মতে, মানবকল্যাণ ও সামাজিক উন্নয়নে দীর্ঘদিনের অবদানের কারণে ক্যাপ্টেন গোলাম কিবরিয়ার এই আন্তর্জাতিক স্বীকৃতি নোয়াখালীর জন্য গর্বের বিষয় হয়ে উঠেছে।
মন্তব্য করুন