বর্ণাঢ্য র্যালি ও নানা আয়োজনের মধ্য দিয়ে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠার একযুগপূর্তি উদযাপন করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকালে মৌলভীবাজার শহরের এম. সাইফুর রহমান অডিটোরিয়াম প্রাঙ্গণ থেকে একযুগপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী চত্বর ঘুরে পুনরায় এম. সাইফুর রহমান অডিটোরিয়াম প্রাঙ্গণে এসে শেষ হয়।
এর আগে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে একযুগপূর্তি অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি ডা. ছাদিক আহমদ। এ সময় দৈনিক আমাদের কণ্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক মিয়াজী সেলিম আহমদসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
র্যালিতে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
আয়োজকরা জানান, প্রতিষ্ঠার একযুগপূর্তি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে দুপুরে রচনা প্রতিযোগিতা এবং সন্ধ্যায় আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।
প্রতিষ্ঠার একযুগ পূর্তির এই আয়োজনকে ঘিরে গণমাধ্যমকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বর্ণাঢ্য কর্মসূচিতে অংশ নিয়ে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেন প্রেসক্লাবের সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
মন্তব্য করুন