মাগুরার শ্রীপুরে অবস্থিত শ্রীমতি ইন্দিরা গান্ধী মা ও শিশু রেডক্রিসেন্ট হাসপাতালে রোগ নির্ণয় কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে রি-এজেন্ট প্রদান করা হয়েছে। উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে এ সহায়তা দেওয়া হয়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রি-এজেন্ট হস্তান্তর করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ মনোয়ার হোসেন খান।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক চৌধুরী রেজাউল হক মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাঁন হাসান ইমাম সুজা ও মো. আলমগীর হোসেন, পৌর বিএনপির সভাপতি এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মাগুরা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মো. মাসুদ হাসান খান কিজিল এবং শ্রীমতি ইন্দিরা গান্ধী রেডক্রিসেন্ট সেন্টারের মেডিকেল অফিসার লিংকু কুমার বিশ্বাস।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য বীর মুক্তিযোদ্ধা শিকদার মনজুরুল আলম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ খন্দকার আব্বাস উদ্দীন, মুন্সী রেজাউল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল গণি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুল ইসলাম নালিম, খন্দকার খলিলুর রহমান, মোল্লা খলিলুর রহমান, মো. মাসুদ মজুমদার, জেলা যুবদলের যোগাযোগবিষয়ক সম্পাদক মুন্সী জয়নুল আবেদীন, সাবেক জেলা ছাত্রদলের সহ-সভাপতি এস. এম. সোহাগ মাহমুদ, যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বদরুল আলম লিটু, উপজেলা ছাত্রদলের সভাপতি মুন্সী ইয়াছিন আলী সোহেল, সাধারণ সম্পাদক মো. হেমায়েত হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ মনোয়ার হোসেন খান বলেন, “তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার ও স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে। উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে দেওয়া এই রি-এজেন্ট রোগীদের দ্রুত ও সঠিক রোগ নির্ণয়ে সহায়ক হবে এবং সুলভ চিকিৎসাসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয় প্রয়োজন। এ ধরনের সহায়তা হাসপাতালের সেবার মান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।
অনুষ্ঠান শেষে অতিথিরা হাসপাতাল প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং রেডক্রিসেন্টের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপস্থিত বক্তারা স্বাস্থ্যসেবার প্রসার ও উন্নয়নে এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
মন্তব্য করুন