বাগেরহাটের লবণাক্ত উপকূলীয় উপজেলা রামপালে সুপেয় পানির সংকট নিরসনে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য দরিদ্র পরিবারের মাঝে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) সকাল ১১টায় রামপাল উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চত্বরে জলবায়ু ট্রাস্ট ফান্ডের উদ্যোগে রেইন ওয়াটার হার্ভেস্টিং প্রকল্পের আওতায় এ ট্যাংক বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে পানির ট্যাংক তুলে দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ তামান্না ফেরদৌসী, বাগেরহাট জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত মল্লিক, রামপাল উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ইমরান হোসেন, রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজীব আল রশিদ, উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম জাহিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, উপকূলীয় রামপাল ও মোংলা এলাকায় সুপেয় পানির তীব্র সংকট রয়েছে। এ সংকট মোকাবিলায় প্রাথমিকভাবে তিন হাজার পানির ট্যাংক বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার ৮২টি ট্যাংক বিতরণ করা হয়েছে।
তিনি বলেন, এ অঞ্চলের অধিকাংশ পানির উৎস লবণাক্ত হওয়ায় নিরাপদ খাবার পানির সংকট দীর্ঘদিনের। তাই বৃষ্টির পানি সংরক্ষণের জন্য এসব ট্যাংক বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে উপকূলের প্রতিটি পরিবারের কাছে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে।
তিনি আরও জানান, উপকূলীয় এলাকায় সুপেয় পানির চাহিদা পূরণে সরকারি পুকুরগুলো সংস্কার করে নিরাপদ পানির আধারে পরিণত করা হবে। এসব পুকুরে মাছ চাষের অনুমতি দেওয়া হবে না, যাতে সেগুলো নিরাপদ পানির উৎস হিসেবে ব্যবহার করা যায়।
মন্তব্য করুন