মাগুরার শ্রীপুর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে শনিবার সকালে এ কর্মসূচি পালন করা হয়।
সকালেই উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান লিটনের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল আলম জোয়ার্দার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনোলজিস্ট তুষার কান্তি ঢালীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়ি-ঘরের আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ করা এবং মশা নিধনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
তারা আরও বলেন, জনসচেতনতা বৃদ্ধি পেলে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব।
মন্তব্য করুন