ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান বিন হাদির বোন মাছুমা হাদি বলেছেন, ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্যকে গুরুত্ব দিয়ে ওসমান হাদি হত্যাকাণ্ডে কারা জড়িত—তা রাষ্ট্রীয়ভাবে স্পষ্ট করা এখন জরুরি।
সোমবার (৮ জুন) সকাল ১১টায় ঝালকাঠির নলছিটি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
মাছুমা হাদি বলেন, “মমতা ব্যানার্জির বক্তব্যের রহস্য উদঘাটন করে আন্তর্জাতিক কূটনৈতিক মাধ্যমে সত্যতা যাচাই করা রাষ্ট্রের দায়িত্ব। প্রয়োজনে আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে হলেও এই হত্যার পেছনের সত্য উন্মোচন করতে হবে।”
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর কাছে আমাদের পরিবারের বিনীত অনুরোধ—ওসমান হাদি হত্যার বিচার দ্রুত সম্পন্ন করে দৃষ্টান্ত স্থাপন করা হোক, যাতে ভবিষ্যৎ প্রজন্ম ন্যায়বিচারের প্রতি আস্থা পায়।
হত্যাকাণ্ডের পর আসামিদের পালিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও সমালোচনা করেন। তার দাবি, ২০২৫ সালের ১২ ডিসেম্বর ওসমান হাদিকে গুলি করে হত্যার পর অভিযুক্তরা কীভাবে ভারতে পালিয়ে গেল, তা তদন্ত হওয়া উচিত।
তিনি বলেন, “বারবার চার্জশিটের সময় পরিবর্তন কেন হচ্ছে, তা জাতি জানতে চায়। হত্যার পরিকল্পনাকারী, নির্দেশদাতা ও অর্থায়নকারীদেরও চার্জশিটে অন্তর্ভুক্ত করে প্রকাশ্যে আনা উচিত।”
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি এ হত্যার বিচার কার্যক্রমে ব্যর্থ হয়, তাহলে জনগণের আস্থা রক্ষায় নতুন নেতৃত্বের প্রয়োজন হতে পারে।
এ সময় নিহত ওসমান হাদির ভগ্নিপতি মো. আমির হোসেনসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন