কক্সবাজারের উখিয়া, টেকনাফ ও রামু উপজেলায় পৃথক অভিযান চালিয়ে মোট ৫ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আইনশৃঙ্খলা বাহিনী। এসব অভিযানে একাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১১ জুন) ভোরে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় দুটি পৃথক অভিযান পরিচালনা করে। প্রথম অভিযানে বটতলী গ্রামের মিজানের ঘের এলাকা থেকে ৯ বস্তা সারসহ একজনকে আটক করা হয়।
একই দিনে পালংখালী উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় পরিচালিত আরেক অভিযানে ৬০ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ও সারের মোট আনুমানিক মূল্য ১ কোটি ৮১ লাখ ৭০ হাজার ৯০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
এর আগে ১০ জুন দুপুরে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করে। এ সময় সিএনজি চালক মো. আনচারুল করিম (৩৫) ও যাত্রী জান্নাত আরা (২০)কে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৬০ লাখ টাকা।
অন্যদিকে টেকনাফে পৃথক অভিযানে ৫ লাখ পিস ইয়াবাসহ দুই মিয়ানমার নাগরিককে আটক করা হয়েছে। আটকরা হলেন খায়াংখালীর সাজিদ এবং দলিয়াপাড়ার এনাম। উদ্ধার হওয়া ইয়াবার বাজারমূল্য কয়েক কোটি টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
সব মিলিয়ে উখিয়া, রামু ও টেকনাফে পরিচালিত এসব অভিযানে মোট ৫ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
সংশ্লিষ্ট বাহিনীগুলো জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক পাচার, চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মন্তব্য করুন